দেশজুড়ে

বন্ধুকে খালে ফেলে কুপিয়ে হত্যা

ছবি: প্রতীকী ছবি

সিলেট শহরের রায়নগর এলাকায় বন্ধুকে খালে ফেলে ধারালো চাকু দিয়ে খুনের অভিযোগে মো. হাবিল নামক এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে শহরের দপ্তরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তাদের দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে হাবিল।

চিৎকার শুনে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এডিসি মো. মনজুরুল আলম বলেন, হত্যাকাণ্ডে জড়িত মো. হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #বন্ধুকে #খালে #ফেলে # #কুপিয়ে #হত্যা