দেশজুড়ে

লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বায়ান্ন প্রতিবেদন

ছবি: প্রতীকী ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে স্থানীয় এক চায়ের দোকানে কয়েকজন বাজিতে লুডু খেলছিলেন। এক পর্যায়ে জয়-পরাজয় ও বাজির টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। । খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের এক পক্ষের নেতৃত্ব দেন ইমারত মোল্যা ও অপর পক্ষের নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। কয়েকজনের অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #লুডু #ফরিদপুর