প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের গালিগালাজ করার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে গাড়িবহরের পেছনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা দলের সদস্যদের গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এতে অনুমোদন দেন।
এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে এ ঘটনায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যানের পাশের মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের গাড়ি চলে যাচ্ছে। পিজিআরের একটি গাড়ি পার হওয়ার পর টি-শার্ট ও ক্যাপ পরিহিত নিরাপত্তা টিমের সদস্যদের আরেকটি গাড়ি সামনের দিকে ছুটছে। কয়েকজন সদস্য তখনও গাড়িতে ওঠেননি।
এ সময় পাশ দিয়ে পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ বেশ কয়েকজন সামনের গাড়ির দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় তাদের মধ্য থেকে নিরাপত্তা টিমকে গালি দিতেও শোনা যায়।
তবে আব্দুর রহিম ভূঁইয়া দাবি করেন, তিনি গালিগালাজ করেননি; বরং নিরাপত্তা টিমের পক্ষ থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তিনি আহত হন।
আই/এ