দেশজুড়ে

গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সঙ্গে সকালের খাবার খাওয়ার সময় গলায় কোরবানির মাংস আটকে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী আঁখি।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে এবং লোকনাথপুর ডিএস দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকালে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে নাস্তা করছিল আঁখি। এ সময় হঠাৎ তার গলায় মাংসের একটি টুকরো আটকে যায়। এতে সঙ্গে সঙ্গে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

ঈদের মতো আনন্দঘন দিনে এ মর্মান্তিক ঘটনায় পুরো লোকনাথপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

 

পিডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কোরবানির মাংস গলায় আটকে