পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। জামাতগুলোতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্বে কারা থাকবেন, তা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বপ্রাপ্তদের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে। এর আগে সংস্থাটির দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের সই করা এক চিঠিতে এ তালিকা নির্ধারণ করা হয়।
সূচি অনুযায়ী, প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন মসজিদের প্রধান খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমিন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। আর বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।
ঈদের জামাতে অংশ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এমএ//