বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় অর্জন করে একের পর এক সাফল্য অর্জন করেছেন। ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচি নিয়ে রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন। ব্যাংক ও অর্থনীতি ধ্বংস হয়েছিল। তা পুনর্গঠন করেছেন।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, ‘এই অফিসের সামনেই ২০২২ সালের ৭ ডিসেম্বর আমরা সমবেত হয়েছিলাম, যখন আমাদের সভা করতে দেয়া হচ্ছিল না। পুলিশ বাধা দিচ্ছিল এবং অতর্কিত হামলা চালায়। তখন প্রথম শহীদ হন মকবুল, একজন ওয়ার্কশপের শ্রমিক। আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছেন’।
তিনি বলেন, আজকে শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি বঞ্চিত ও আঘাতপ্রাপ্ত হয়েছে। অথচ এই শ্রমিকরাই সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন। আজকের এই দিন সেই রক্তে লাল হয়ে থাকা মে দিবস।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনি কয়েক দিন আগে হকারদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষগুলোই আমাদের আন্দোলনের অগ্রসৈনিক ছিল। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি আপনি বিবেচনা করবেন। শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি নিশ্চিত করার বিষয়টি আপনি দেখবেন’।
আই/এ