হোয়াইট হাউসের ওভাল অফিসে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর লেবানন ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস বৈঠক-এর এই আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আলোচনার পর লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ এ উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রাম্প প্রশাসন আশা করছে, চলতি বছরের মধ্যেই দুই পক্ষ একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে পারবে।
তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়ে গেছে। গত বুধবার ইসরাইলি হামলায় এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হন—যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ।
সংগঠনটি বলেছে, ইসরাইলকে অবশ্যই যুদ্ধবিরতির শর্ত মানতে হবে। তবে বর্তমান এই শান্তি আলোচনায় হিজবুল্লাহ সরাসরি অংশ নিচ্ছে না।
এসি//