জাতীয়

হজযাত্রীদের সুবিধায় ক্যাম্পে নতুন সেবা চালু

বায়ান্ন প্রতিবেদন

ঢাকার আশকোনা হজক্যাম্প-এ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে লাগেজ র‍্যাপিং সেবা। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, নতুন এই সেবার মাধ্যমে হজযাত্রীরা এখন পেশাদার পদ্ধতিতে তাদের লাগেজ সুরক্ষিতভাবে মোড়ানো সুযোগ পাবেন। এতে দীর্ঘ যাত্রাপথে লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমবে।

তিনি আরও বলেন, লাগেজ খুলে যাওয়া বা হারিয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকেও এটি সুরক্ষা দেবে। যাত্রার শেষ মুহূর্তে বিমানবন্দর বা পথে ভোগান্তি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে হজযাত্রীদের পুরো যাত্রাপ্রক্রিয়া আরও সহজ হয়।

এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, হজযাত্রাকে নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদের যেন কোনো কষ্ট না হয়, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই দিকনির্দেশনা অনুযায়ীই সরকারি উদ্যোগে এই নতুন সেবা চালু করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #র‍্যাপিং সেবা #ধর্মবিষয়ক মন্ত্রণালয় #হজক্যাম্প #হজ