মোটরসাইকেল মালিকদের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলট কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও আধুনিক করা। নতুন করে যেসব জেলা এই কার্যক্রমের আওতায় এসেছে সেগুলো হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ। এসব অঞ্চলের নিবন্ধিত মোটরসাইকেল এখন থেকে সরকারি ফুয়েল পাস বিডি সিস্টেমে যুক্ত হতে পারবে।
একই সঙ্গে রাজধানী ঢাকায় এই কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে ঢাকা জেলায় ১৮টি পেট্রোল পাম্পে পাইলট প্রকল্পটি সম্প্রসারণ করা হয়েছে। আগে সীমিত পরিসরে চালু থাকলেও এখন তা আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
জ্বালানি বিভাগ আশা করছে, এই অ্যাপ চালুর মাধ্যমে সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘদিনের অনিয়ম দূর করে গ্রাহকদের জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা এবং তদারকি জোরদার করাই এর মূল উদ্দেশ্য। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক এই প্রযুক্তি চালু করেছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল এই পাইলট কার্যক্রমের সূচনা করা হয়। শুরুতে এটি শুধুমাত্র মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু ছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইলট কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচকভাবে এগোচ্ছে। ধাপে ধাপে ভবিষ্যতে সব ধরনের যানবাহনের জন্য এই ‘ফুয়েল পাস’ অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে।