খেলাধুলা

বিশ্বকাপ খেলতে ইরানকে যুক্তরাষ্ট্রে আসতেই হবে: ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও বিশ্বকাপে অংশ নিতে হলে ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রে যেতে হবে। বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, জিয়ান্নি ইনফান্তিনো জানান, ইরান ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং দলটি “নিশ্চিতভাবেই” টুর্নামেন্টে অংশ নেবে। খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে ফিফা সভাপতি জানান, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এর আগে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের পক্ষ থেকে ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও, তা নাকচ করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, এতে বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে।

বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ ২২ এপ্রিল শেষ হবে।

ইনফান্তিনো বলেন, তিনি তুরস্কের আনতালিয়ায় ইরান দলের প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন এবং দেখেছেন খেলোয়াড়রা বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী।

উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে তাদের ম্যাচ নির্ধারিত রয়েছে।

দলটি নকআউট পর্বে উঠতে পারলে পরবর্তী ম্যাচগুলোও যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ফিফা বিশ্বকাপ #ফিফা