জাতীয়

কৃষকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার

কৃষক কার্ড বিতরণ কার্যক্রমকে দেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির ভিত্তি এবং তাদের উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো ভবিষ্যতে বড় পরিবর্তন আনবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কক্সবাজারের টেকনাফে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার ১৫ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করেন তিনি। উপজেলা প্রশাসন জানিয়েছে, তালিকাভুক্ত আরও ১ হাজার ৬৭৫ জন কৃষকের মধ্যে আগামী দুই দিনের মধ্যেই কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার জনগণের কল্যাণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যা পরিবারের প্রধান নারী সদস্যের হাতে তুলে দেওয়া হবে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং আর্থিক সচ্ছলতা নিশ্চিত হবে। পাশাপাশি সন্তানদের শিক্ষা নিশ্চিত করা সহজ হবে এবং পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে।

এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী চালুর উদ্যোগ এবং সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে। কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। কৃষকরা দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাই কৃষক কার্ডের মাধ্যমে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কৃষক কার্ড #স্বরাষ্ট্রমন্ত্রী #সালাহউদ্দিন আহমেদ