পোপ লিও চতুর্দশকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশালীন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে পোপকে কেন্দ্র করে এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মেলোনি বলেন, পোপকে নিয়ে ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তার মতে, ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে পোপ শান্তির বার্তা দেবেন এবং যুদ্ধের নিন্দা করবেন—এটাই স্বাভাবিক ও প্রত্যাশিত ভূমিকা।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনির এই প্রকাশ্য সমালোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে তিনিই উপস্থিত ছিলেন। ফলে তার কাছ থেকে এমন ভর্ৎসনা বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ট্রাম্প মন্তব্য করেন,আমি এমন পোপ পছন্দ করি না, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র থাকাকে সমর্থন করেন। লিওর উচিত একজন রাজনীতিকের মতো আচরণ না করে মহান পোপ হওয়ার চেষ্টা করা। তার উচিত কাণ্ডজ্ঞান ব্যবহার করা এবং নিজেকে শুধরে নেওয়া।
এখানেই থেমে থাকেননি ট্রাম্প। গত বছর ইতিহাস গড়ে প্রথম আমেরিকান হিসেবে পোপের আসনে বসা লিও চতুর্দশের নিয়োগ নিয়ে বিতর্কিত দাবি করেছেন তিনি। ট্রাম্পের মতে, ভ্যাটিকান তাকে কেবল এ কারণেই নির্বাচিত করেছে যাতে তার (ট্রাম্প) সমালোচনা চালিয়ে যেতে পারে।
ট্রাম্প সরাসরি বলেন, আমি হোয়াইট হাউসে না থাকলে লিও কোনোদিন ভ্যাটিকানে বসতে পারতেন না। তিনি কেবল আমার কারণেই আজ এই অবস্থানে।
সূত্র: আলজাজিরা, সিএনএন
এসি//