কক্সবাজারের রামু উপজেলায় ফুল তোলার সময় এক বৃদ্ধকে জবাই করা হত্যা করা হয়েছে। নিহতের নাম কালু বড়ুয়া (৫৫)। এ ঘটনায় বাবু বড়ুয়া ওরফে টাম্বু বড়ুয়াকে (৩২) আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে বৌদ্ধ বিহারে দেওয়ার জন্য ফুল তুলতে বাড়ি থেকে বের হন কালু বড়ুয়া। এ সময় এলাকায় হাতে ধারালো দা নিয়ে ভাঙচুর চালাচ্ছিলেন বাবু বড়ুয়া ওরফে টাম্বু বড়ুয়া (৩২)।
একপর্যায়ে কালু বড়ুয়া তার এমন আচরণের কারণ জানতে চাইলে টাম্বু বড়ুয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি কালু বড়ুয়ার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই একপর্যায়ে গলা কেটে তাকে হত্যা করা হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে আটক করে। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,“হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।”
নিহতের পরিবারের দাবি, টাম্বু বড়ুয়ার সঙ্গে কালু বড়ুয়ার কোনো পূর্ব বিরোধ ছিল না। তবে তারা সন্দেহ করছেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে।
আই/এ