অর্থনীতি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

বায়ান্ন প্রতিবেদন

দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। নতুন করে মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায়।

বুধবার (০৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য জানায়।

সংস্থাটি জানিয়েছে, নতুন এই মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এর আগে গত ৬ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। এবার প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেট রূপা বিক্রি হবে ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৭২ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬১৬ টাকা।

রূপার ক্ষেত্রেও চলতি বছরে একাধিকবার মূল্য সমন্বয় হয়েছে। এ পর্যন্ত ৩২ দফা পরিবর্তনের মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রূপার দাম সমন্বয়ের মধ্যে ১০ বার বেড়েছিল, কমেছিল ৩ বার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজুস