যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের রাজধানী তেহরান-এর রাজপথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
স্থানীয় সময় বুধবার (০৮ এপ্রিল) ভোর থেকেই শহরের বিভিন্ন সড়কে মিছিল বের হয়, শোনা যায় নানা স্লোগান। যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনায় স্বস্তি ও আনন্দের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বাসিন্দাদের মধ্যে।
সাম্প্রতিক সময়ে উত্তেজনা চরমে পৌঁছেছিল, বিশেষ করে ইরানের ‘সভ্যতা ধ্বংস’ করে দেয়ার হুমকির পর পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটপূর্ণ। তবে সেই উত্তেজনার মধ্যেই শেষ মুহূর্তে অবস্থান বদলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন। একই সঙ্গে তিনি এটিকে ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ হিসেবেও উল্লেখ করেন, যা দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা প্রশমনের একটি সুযোগ তৈরি করেছে।
এই ঘোষণার পরপরই তেহরানের রাস্তায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। অনেকেই এটিকে সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়ানোর প্রথম ধাপ হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, এই দুই সপ্তাহই নির্ধারণ করবে পরিস্থিতি স্থায়ীভাবে শান্তির দিকে যাবে, নাকি আবারও উত্তেজনা বাড়বে।
এসি//