জ্বালানি সংকটের প্রভাব আগামীতে বাজারদরে পড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর প্রভাব শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ নয়, খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর চাপ তৈরি হচ্ছে।
রোববার (০৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি ‘মরার উপর খাড়ার ঘা’-এর মতো। জ্বালানির দাম ও সরবরাহের চাপ পুরো সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। ফলে সামনে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়; বৈশ্বিক পরিস্থিতিও এর পেছনে বড় কারণ। বিভিন্ন দেশে জ্বালানির দাম ইতোমধ্যে বেড়েছে, যদিও বাংলাদেশে এখনো তা পুরোপুরি সমন্বয় করা হয়নি।
সরকার জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন এই চাপ বহন করা সম্ভব নাও হতে পারে। শেষ পর্যন্ত বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। নির্ধারিত লক্ষ্য পূরণ হলে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উপস্থাপন করা হবে। তবে এখনো সেই পর্যায়ে পৌঁছানো যায়নি বলে জানান তিনি।
এমএ//