জাতীয়

হরমুজ এড়িয়ে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

হরমুজ প্রণালির অচলাবস্থা এড়িয়ে সৌদি আরব থেকে বিকল্প রুটে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ পরিকল্পনার আওতায় এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল সরাসরি লোহিত সাগর ঘেঁষা ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামে আনা হবে।

জানা গেছে, তেলবাহী জাহাজটি আগামী ২০ এপ্রিল সৌদির ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে যাত্রা শুরু করবে এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হবে।

অন্যদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে থাকা সমপরিমাণ তেল বর্তমানে হরমুজ প্রণালিতে আটকা রয়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের অনুমতি না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না।

বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, দুই জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ মেট্রিক টন তেল মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেশে পৌঁছাতে পারে। এসব তেল পরিশোধনের পর বাজারে সরবরাহ করা হলে বিদ্যমান জ্বালানি সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ প্রণালি #জ্বালানি তেল #বাংলাদেশ #সৌদি আরব