প্রবাস

ছোট বোনের জন্য কেক নিয়ে ঘরে ফেরা হলো না নিশাতের

বায়ান্ন প্রতিবেদন

নিউইয়র্কের কুইন্সে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯)।

রোববার (২৯ মার্চ) উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিহতের বাবা হেলাল উদ্দিন জানান, স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, নিশাত জ্যামাইকা এলাকায় একটি পার্কিং গ্যারেজে খণ্ডকালীন কাজ করতেন। ঘটনার দিন ছোট বোনের জন্য কেক নিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

চার বোনের মধ্যে নিশাত ছিলেন বড়দের একজন। তার দুই ছোট বোনের বয়স যথাক্রমে ৯ ও ৪ বছর। তার বাবা হেলাল আহমদ উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। পরিবারটি ২০১৭ সালে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়গড়ে।

নিহতের চাচা জামাল আহমেদ শিমু জানান, ঘটনার পর থেকে উডসাইডের বাসায় শোকের মাতম চলছে। নিশাতের বাবা-মা ভেঙে পড়েছেন, পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছেন।

নিশাতের বোন নওশিন বলেন, তিনি ছিলেন অত্যন্ত আশাবাদী একজন মানুষ। সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতে বলতেন। জীবন নিয়ে তার কথাগুলো এখন আরও বেশি নাড়া দিচ্ছে পরিবারকে।

এদিকে, গারবেজ ট্রাক পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের মূল কোম্পানি ওয়েস্ট কানেকশনস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে।

তারা জানিয়েছে, এ ঘটনায় তারা মর্মাহত এবং তদন্তে পুলিশকে সহযোগিতা করা হচ্ছে।

উডসাইড ও জ্যাকসন হাইটসের বাংলাদেশি কমিউনিটিও শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নিউইয়র্ক #সড়ক দুর্ঘটনা #বাংলাদেশি তরুণী #নিহত