জাতীয়

মন্ত্রী–এমপিদের মার্জিত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রী ও সংসদ সদস্যদের চলাফেরা ও বক্তব্যে মার্জিত এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শমূলক নির্দেশনা দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন—এই বিষয়টির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে বুধবার বেলা সোয়া ১১টায় ২০৯ জন সংসদ সদস্যের অংশগ্রহণে সভা শুরু হয় এবং দুপুর ১টায় শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।

সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বানও জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান