জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

বায়ান্ন প্রতিবেদন

সরকার গতিশীলতা আনার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপকমিশনার (ডিসি) এবং তিন জেলার তিন পুলিশ সুপার (এসপি) সহ বিসিএস পুলিশ ক্যাডারের চারজন শীর্ষ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই রদবদল অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনের আওতায় ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদকে হবিগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হবিগঞ্জের বর্তমান পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)-এর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

একই আদেশে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তারা আগামী কয়েক দিনের মধ্যেই তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএমপি #ডিসি