আন্তর্জাতিক

যুদ্ধের কারণে বেড়েছে প্লেন ভাড়া!

একজনের প্লেন ভাড়া সোয়া ৪ কোটি টাকার বেশী!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র আক্রমণের কারণে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্যতম প্রমোদ কেন্দ্র এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ের বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় প্লেন চলাচল বন্ধ হয়ে গেছে। জীবন বাঁচাতে সেখানে বসবাসরত প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা সপরিবারে দুবাই ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। 

বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় এখন তাদের একমাত্র ভরসা ব্যক্তিগত বিমান। এই সুযোগে ব্যক্তিগত বিমানের ভাড়া স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। ইস্তাম্বুল বা মস্কোগামী ছোট জেটের একেকটি সিটের ভাড়া এক কোটি টাকা ছাড়িয়ে গেছে। 

প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় এবং বিমা জটিলতায় অনেক অপারেটর ফ্লাইট চালাতে রাজি হচ্ছে না। এ কারণে ভাড়া বেড়েছে। মাসকাট থেকে ইস্তাম্বুলগামী একটি ছোট জেটের ভাড়া বর্তমানে ৮৫ হাজার ইউরো বা প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। এই পরিমাণ সাধারণ সময়ের তুলনায় তিন গুণ বেশি। 

রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ ডলার কিংবা বাংলাদেশি টাকায় সোয়া ৪ কোটি টাকারও বেশী। 

দুবাইয়ে আটকা পড়া সাধারণ পর্যটকদের অবস্থা আরও শোচনীয়। দুবাই পর্যটন বোর্ড হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে, যাতে পর্যটকদের বের করে না দেওয়া হয় এবং আগের ভাড়াতেই থাকার মেয়াদ বাড়ানো হয়। তবে অনেক রুশ পর্যটক অভিযোগ করেছেন যে, হোটেল কর্তৃপক্ষ তাদের কাছে অতিরিক্ত অর্থ দাবি করছে। অনেক ক্ষেত্রে রিসোর্ট ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে।

সবকিছু মিলিয়ে দুবাইয়ে অবস্থানরত বিদেশিরা মূলত তিনটি দলে বিভক্ত হয়ে পড়েছেন; একদল ওমান সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছেন, দ্বিতীয় দল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় সৈকতে সময় কাটাচ্ছেন। আর তৃতীয় দল সরকারি নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। 

সূত্র: গার্ডিয়ান

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #iran #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #দুবাই #আরব আমিরাত