বাহরাইনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সার্ভিস সেন্টার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবাহিনীর ওই সার্ভিস সেন্টার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। রাষ্ট্র পরিচালিত বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) এই তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার জন্য কোনো দেশকে দায়ী করা হয়নি এবং সময়মতো বিস্তারিত তথ্য জানানো হবে। একই সঙ্গে জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলার এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত এবং এটি উপসাগরীয় অঞ্চল, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশের দায়িত্বে নিয়োজিত।
ঘটনার প্রাথমিকভাবে মার্কিন সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে এর আগে বাহরাইনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি নিয়ে মার্কিন দূতাবাস নাগরিকদের নিরাপদ স্থানে থাকার সতর্কতা জারি করেছিল।
এমএ//