রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় বিরোধের জেরে এরশাদ আলী (৬৫) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলটির কর্মীদের বিরুদ্ধে। নিহত এরশাদ ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং সিপাইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর একটি ইসলামী জলসার আয়োজন নিয়ে আলোচনা চলাকালে প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলকে আমন্ত্রণ জানানোর পক্ষে অবস্থান নেন একদল কর্মী। অপরদিকে রাজশাহী-৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি তোলেন এরশাদ আলী ও তার অনুসারীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় একটি চায়ের দোকানের সামনে প্রতিপক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ-এর মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ জানিয়েছে, মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।
এমএ//