আফগানিস্তানের সীমান্তঘেঁষা এলাকায় একাধিক ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনী আফগানিস্তানের অন্তত দুটি প্রদেশকে লক্ষ্য করে এ অভিযান চালিয়েছে বলে জানা গেছে।
তালেবান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আফগান সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, পাকতিকা ও নানগারহার প্রদেশে হামলা হয়েছে। পাকতিকা প্রদেশে একটি মাদ্রাসা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী সংগঠনের সাতটি আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি ঘাঁটিতেও হামলার কথা বলা হয়।
ইসলামাবাদ দাবি করেছে, সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি মসজিদসহ কয়েকটি হামলার নির্দেশনা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে এসেছে—এমন তথ্য তাদের কাছে রয়েছে।
এর আগে খাইবার পাখতুনখাওয়ার বান্নু এলাকায় আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। বাজাউরেও নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণে ১১ সেনা ও এক শিশু প্রাণ হারায়। ওই হামলায় আফগান নাগরিক জড়িত ছিল বলে দাবি করেছে পাকিস্তান।
গেল ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার পর সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এমএ//