দেশজুড়ে

ভোটের ৪ দিন পর সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনওকে অবরুদ্ধ

রংপুরের পীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল করা উদ্ধার হয়েছে। এর মধ্যে দুটি ব্যালট ধানের শীষ প্রতীকের সিলযুক্তঅপর দুটিতে  ‌‘হ্যাঁএবং দুটি ব্যালটে নাভোটের টিক ছিলএদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিলমারা এসব ব্যালট উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানের শীষের সিলযুক্ত দুটি ব্যালটে নির্বাচন কমিশনের স্বাক্ষর আছে। যেখানে ০৩৮৫১৭ নম্বর উল্লেখ আছে। অপর ব্যালটে ০৪৬৩২৯ উল্লেখ আছে। হ্যাঁ ভোটের দুটি ও না ভোটের দুটির বিপরীত পাশে নির্বাচন কমিশনের সিল ও স্বাক্ষর আছে।

বাসিন্দা ফজলু মিয়া বলেন, হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকালে কিছু শিক্ষার্থী ব্যালটগুলো দেখতে পায়। তারপর এলাকার লোকজনকে দেখালে ইউএনওকে জানানো হয়। ইউএনও এলে অবরুদ্ধ করা হয়। পরে বিএনপি নেতা ও পুলিশের সহায়তায় বের হয়ে যান তিনি

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। গত তিন দিন ধরে ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনরায় গণনার দাবিতে বিক্ষোভ করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

এই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা শাহ আব্দুর রউফ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. রাহিদুজ্জামান জানান, সব প্রার্থীর এজেন্টের সামনে ভোটগ্রহণ শেষে বাক্সের সিল তাদের সামনেই খুলে গণনা করা হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়। ওই সময় কোনও প্রার্থীর এজেন্টের কোনও প্রশ্ন ছিল না। সবাই ফল মেনে নেন। এখন বাক্সের বাইরে আলাদা ব্যালট পাওয়া গেলে তার করার কিছুই নেই। এগুলো কোথায় থেকে এলো, তা জানা নেই।

ব্যালট উদ্ধারের বিষয়টি নির্বাচন কমিশন দেখবে বলে পুলিশ জানিয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রংপুর