পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। গেল ৫ জানুয়ারি রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশও দেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো নোটিশে বলা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা প্রচলিত রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং ১৫২(১) অনুচ্ছেদের আলোকে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা পালনে কষ্টের মুখে পড়ে। এতে ধর্মীয় চর্চায় বাধা সৃষ্টি হতে পারে। পাশাপাশি রমজানে স্কুল খোলা থাকলে শহরাঞ্চলে যানজট বেড়ে নাগরিক দুর্ভোগ বাড়ার আশঙ্কার কথাও বলা হয়।
নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হলে হাইকোর্ট এ আদেশ দেন।
এমএ//