ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিজয় জনগণের বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের। গণতান্ত্রিক বাংলাদেশে এখন সবাই মুক্ত।”
নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকেও অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে দেশের সকল নাগরিকের ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান।
এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ২০৩টি আসনে জয় পেয়েছেন বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেছেন ৭০টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ১৪টি আসনে। বাকি আসনের ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছিল বিএনপি। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে।
এমএ//