জাতীয়

২ দিনের জন্য স্থগিত চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি

ছবি: সংগৃহীত ফাইল ছবি

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের চলমান কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রমজান মাস ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন-এর সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন পরিষদের অন্যতম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।

সাংবাদিকদের তিনি বলেন, রমজান মাস ও চলমান পরিস্থিতি বিবেচনায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ও শনিবার (৭ ফেব্রুয়ারি) কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। এই সময়ের মধ্যে উপদেষ্টা দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। শনিবারের মধ্যে সিদ্ধান্ত না এলে রোববার থেকে আবার কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।

সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকেই কর্মবিরতি স্থগিত হিসেবে ধরা যায়।

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়াল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গেল শনিবার থেকে কর্মবিরতি শুরু করেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। প্রথমে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে শুরু হলেও পরে সংগ্রাম পরিষদের ব্যানারে কর্মসূচি চলতে থাকে।

প্রথম তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতির পর মঙ্গলবার থেকে টানা কর্মবিরতি শুরু হয়, এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার সকালে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বন্দর পরিদর্শনে গেলে চার নম্বর গেটের বাইরে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। পরে তিনি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।

আন্দোলনকারীরা জানান, এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিল এবং আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। উপদেষ্টা বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নৌপরিবহন উপদেষ্টা #চট্টগ্রাম বন্দর #চট্টগ্রাম