আইন-বিচার

নহিদ ইসলামের রিট খারিজ

নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী কাইয়ুমের

ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানি শেষে আদালত রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন।

এর আগে গতকাল সোমবার দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে ড. কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে রিটটি করেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অপরদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

আইনজীবীরা জানান, রিট খারিজ হওয়ায় ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।

এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুম ও নাহিদ ইসলাম— উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা-১১ #বিএনপি #নাহিদ ইসলাম #ড. এম এ কাইয়ুম