মানসিক ভারসাম্য হারিয়ে বাংলাদেশে, ৫ বছর পর নিজ দেশে ফিরলেন নেপালের নাগরিক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে মানসিক ভারসাম্যহীন এক নেপালি নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। পাঁচ বছর আগে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর থেকে কুষ্টিয়ায় এক ব্যক্তির তত্ত্বাবধায়ানে ছিলেন। প্রত্যাবাসন করা খায়রুদ্দিন আনসারি নেপালের প্রদেশ ২ এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারির ছেলে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে পঞ্চগড় বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ, ফুলবাড়ী ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ ও নেপাল দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খায়রুদ্দিন মানসিক ভারসাম্যহীন নাগরিক। ৫ বছর আগে তিনি কোন সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এ সময় বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এক ব্যক্তি তাকে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও বাংলাদেশে অবস্থানের বিস্তারিত তথ্য প্রচার করা হলে তার পরিচয় শনাক্ত হয়। এরপর নেপাল ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাস নেপালি নাগরিকের প্রয়োজনীয় ডকুমেন্ট ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরে তাকে নিজ দেশে ফেরার জন্য ট্রাভেল পাশ দেয়া হয়। পরে অন্যান্য আইনি পদক্ষেপ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
প্রত্যাবাসনের সময় ওই নেপালি নাগরিকের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। দেশটির কর্মকর্তারা খায়রুদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ওই নেপালি নাগরিককে আজকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো । এসময় বিজিবি সদস্যরা তাদেরকে প্রত্যাবাসন কাজে সহযোগিতা করেন।
আই/এ