স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। গেল দুই মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এনিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামে উপসর্গ নিয়ে ৯ শিশু মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনায় একজন করে শিশু মারা গেছে।

এর আগে গেল ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৬২ শিশু।

নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছে।

সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। এ সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ শিশুর।

এপর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ শিশু।

গেল ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৮৭ শিশু।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে মৃত্যুর সংখ্যা ৫৬০। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ শিশু মারা গেছে।

অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যায়ও শীর্ষে ঢাকা বিভাগ। এ বিভাগে এ পর্যন্ত ৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন