আন্তর্জাতিক

অবিলম্বে ইমরান খানের মুক্তি চায় জাতিসংঘ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তার যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বানও জানিয়েছেন তিনি।

সম্প্রতি সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান ভলকার তুর্ক।

তিনি বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া এবং তার সঙ্গে যথাযথ আচরণ করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

জাতিসংঘের এই কর্মকর্তা মনে করেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির সুযোগ তৈরি হতে পারে। এর মধ্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

এদিকে, মানবিক বিবেচনায় ইমরান খানের মুক্তির বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সংসদেও আলোচনার প্রস্তাব উঠেছে। তবে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে কিংবা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলতে পারে—এমন আলোচনায় অংশ নিতে আগ্রহী নয় শ্রীলঙ্কা সরকার।

সূত্র: নিউজওয়ার, টাইমস অফ ইন্ডিয়া

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন