অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর
কুমিল্লায় আলোচিত শিশু অপ্রতিম হত্যা মামলার বিচারকাজ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর মামলাটির অভিযোগ গঠন করা হবে। এর মধ্য দিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হবে।
শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. কাইমুল হক রিংকু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে আছেন। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।
তিনি আরও জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা আদালতে বিচার হবে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এমজে/এ