দেশজুড়ে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই মিলেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এবার দানবাক্স থেকে পাওয়া টাকার পরিমাণ নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকাল ৭টায় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শুরু হয় টাকা গণনার কাজ। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

টাকা গণনায় রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

সাধারণত প্রতি তিন মাস অন্তর দানবাক্স খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাসের বেশি সময় পর সেগুলো খোলা হয়েছে। দীর্ঘ সময়ের ব্যবধান বিবেচনায় এবার আগের দানবাক্সগুলোর পাশাপাশি নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেবার পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন