অটোরিকশাকে ট্রাকচাপায় শিশুসহ ৫ জন নিহত
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল রিশাদ দুই শিশু সন্তান রিশাদ (১২), তুবা (৭) ও স্ত্রী লিপি খাতুন (৩৩)। কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২)। এছাড়া নিহত অটোচালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি অটোরিকশা কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশায় থাকা তিন যাত্রী। অপর যাত্রীদের গুরুত্বর আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।’
ওসি কাউসার আলী বলেন, ঘটনাস্থল থেকে দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
আই/এ