চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
ফেনী শহরের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে সন্দেহভাজন পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৬) নামে এক এসআরবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে ফেনীতে এসআরবি-৭-এ প্রেষণে দায়িত্ব পালন করছিলেন।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন পাম্পের কাছে চট্টগ্রামমুখী লেনে সন্দেহভাজন পরিবহন তল্লাশি করছিলেন এসআরবি সদস্যরা। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি অন্য একটি ট্রাককেও থামার সংকেত দেওয়া হয়।
তবে ট্রাকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সড়কের পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায়।
৯৯৯-এ খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আলমগীরকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালক সজিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সজিব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় তাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএ//