আইন-বিচার

১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ছবি: সংগৃহীত

বিমানবন্দর থানায় করা মামলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হাজির করার আগে প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’

এরপর ভ্যানের ভেতরে থাকা এক পুলিশ সদস্যকে আঙুল তুলে কথা বলতে দেখা যায় তাকে। আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।’

শুনানির সময়ও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেন আখতারুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল, সবাই লুটেপুটে খাচ্ছে। প্রসিকিউশন প্রমাণ করুক, আমার অপরাধ প্রমাণ করুক, আমি ফাঁসিতে যাব।’

মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, ‘এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ডিবি।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থানায় দায়ের করা সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবে বিমানবন্দর থানা পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৩৮-এর লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি দেখতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন। একই ঘটনায় বিমানমন্ত্রীকে নিয়েও তিনি অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আখতারুজ্জামান সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

এসব ঘটনায় সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন