আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির পর মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি৭

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মজুত থেকে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি৭। আগামী চার মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে এসব জ্বালানি বাজারে সরবরাহ করা হবে।

শনিবার (০৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জি৭ নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই কার্যক্রম তাৎক্ষণিকভাবে শুরু হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও ডিজেল মজুত থেকে ছাড়ার বিষয়েও আলোচনা করা হবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্স—এই সাত দেশ নিয়ে গঠিত জি৭। জোটের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নও প্রতিনিধিত্ব করে।

ইউরোপীয় দেশগুলোকে নিজেদের ডিজেল মজুত বাজারে ছাড়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার পরই জি৭ এই সিদ্ধান্ত নিল। এর আগে ইউরোপ মজুত না ছাড়লে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

তবে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, ইউরোপ বড় পরিমাণে মজুত ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়টি ‘কখনোই আসলে টেবিলে ছিল না’।

জি৭-এর মজুত ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ইউরোপের পদক্ষেপটি ভালো হয়েছে এবং যুক্তরাষ্ট্রও তার দায়িত্ব পালন করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানান, আইইএর সমন্বয়ে চার মাসে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে ছাড়া হবে। সমন্বিত এই উদ্যোগ বিশেষ করে ডিজেলের দাম কমাতে সহায়তা করবে বলে জানান তিনি।

তবে কোন দেশ মজুত থেকে কত পরিমাণ জ্বালানি ছাড়বে এবং কী গতিতে তা বাজারে আসবে, তা এখনো স্পষ্ট নয়। মোট ১০ কোটি ব্যারেলের মধ্যে অপরিশোধিত তেল ও ডিজেল—দুই ধরনের জ্বালানিই থাকবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন