বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসর রাতে বরের মৃত্যু
বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বর আনাস (২৫)। মৃত আনাস কুষ্টিয়ার উত্তর পাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে হয়। বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল।
এসময় প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা অবস্থায় আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারে সদস্যদের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আই/এ