আইন-বিচার

নিজ মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড

বগুড়ার শেরপুরে নিজ মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেকের বয়স ৫১ বছর। তিনি শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আসগর।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে নিজ মেয়েকে ধর্ষণ করেন আব্দুল খালেক। ঘটনার সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গিয়েছিলেন। পরে বিষয়টি কাউকে জানালে মেয়েকে হত্যার হুমকি দেন বাবা।

এরপর শিশুটির আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তার সৎ মা। বাড়ির কাজে অনীহা দেখানোর কারণে তাকে মারধর করা হয়। একপর্যায়ে শিশুটি তার বাবার নির্যাতনের বিষয়টি সৎ মাকে জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে উল্টো শিশুটির ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন তিনি।

পরে নির্যাতন থেকে রক্ষা পেতে শিশুটি বিষয়টি তার দুই সহপাঠীকে জানায়। তাদের মাধ্যমে ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে থানায় অভিযোগ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা ও আব্দুল খালেকের দ্বিতীয় স্ত্রী শেরপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আব্দুল খালেককে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন