জাতীয়

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া সাংবিধানিক জটিলতার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতির শপথ কে পড়াবেন—এ নিয়ে আইনি প্রশ্ন দেখা দেওয়ার পর আইন মন্ত্রণালয়ের মতামত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ। কারণ, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ডেপুটি স্পিকার কায়সার কামাল বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ পরিস্থিতিতে সংবিধানের আলোকে করণীয় জানতে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চায় মন্ত্রিপরিষদ বিভাগ। পরে বিষয়টি পর্যালোচনা করে নিজেদের মতামত জানায় আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মত অনুযায়ী, ভারপ্রাপ্ত স্পিকারের পক্ষে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪ অনুচ্ছেদের ৩ উপধারা অনুযায়ী স্পিকারের সব দায়িত্ব বর্তমানে ডেপুটি স্পিকার পালন করছেন।

এই সাংবিধানিক অবস্থানের ভিত্তিতে আইন মন্ত্রণালয় মনে করছে, স্পিকারের দায়িত্ব পালনরত ডেপুটি স্পিকারই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রে যথাযথ সাংবিধানিক কর্তৃপক্ষ।

ফলে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠেয় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ সম্পর্কিত আরও পড়ুন