আইন-বিচার

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

কারাগারে থাকা সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে বৃহস্পতিবার ২০ আগস্ট ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির পরিবারের সদস্যরা।

দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ওই আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে লিখিত আবেদনটি জমা দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা করেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, মানবিক দিক বিবেচনা করে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য দীপু মনির চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন