প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তাঁর অফিস থেকে আপনারা জানতে পারবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা তাদের পরিচয় নিয়েই মিয়ানমার ফেরত যাবে। শেখ হাসিনা সরকার দ্বিপক্ষীয় চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা প্রথমে বাজিয়ে দিয়েছিল। যখন বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন করেছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি ত্রিপক্ষীয় চুক্তি করা হয়েছিল।
তিনি বলেন, জাতিসংঘ ওই চুক্তির একটি প্রভাবশালী অংশীদার ছিল। তখন ওআইসির প্রত্যেকটি দেশসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থাকে সম্পৃক্ত করা হয়েছিল। সেজন্য সেটি কাজে লেগেছিল, যা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চলতি মাসে সরকারপ্রধানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরের পূর্বে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ।
আই/এ