প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার- মা আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্লাস্টিকের ড্রাম থেকে ১৪ দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নবজাতকের মা ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়িতে এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালের নভেম্বরে পারিবারিকভাবে সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। কিন্তু এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। গত সোমবার সন্ধ্যা থেকে তাদের শিশুটিকে না পাওয়ায় পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় প্রথমে তিনি দাবি করেন, পেছন থেকে তাকে মাথায় আঘাত করে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে। পরে বলেন, জিনে নিয়ে গেছে।
তার অসংলগ্ন কথাবার্তায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুজির একপর্যায়ে রাত ১০টার দিকে ঘরে থাকা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
একপর্যায়ে ফাতেমা সন্তানকে হত্যার কথা স্বীকার করে বলেন, শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করত, তাকে ঘুমাতে দিত না। তাই ক্ষুব্ধ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
ওসি মো. শামসুজ্জামান জানান, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় ওই নবজাতকের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
আর/আই