মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণ, আহত ৪ শিক্ষার্থী
মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসার চার শিক্ষার্থী আহত হয়।
আহতরা হলো—মিনহা (১০), জান্নাত (৯), মাইমুনা (৯) ও আবিদা (৮)। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের বিষয়ে ইমন সরদার বলেন, তার বসতঘরের সামনে কীভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, সকালে মাদ্রাসার পাশেই হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দেখা যায়, চার শিক্ষার্থী আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ওসি জহিরুল আলম জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
এমএ//