মোবাইল ফোন বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু
সাভারের আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫) মারা গেছেন।
রোববার (১৪ জুন) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়ার সিদ্দিক ভেণ্ডার বাড়ির বাসিন্দা। তিনি আশুলিয়ায় সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন।
জানা গেছে, শনিবার (১৩ জুন) গভীর রাতে দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন মিজানুর রহমান। হঠাৎ মোবাইল ফোন বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হয়ে মারাত্মক আহত হন তিনি।
এদিকে প্রতিবেশীরাও ফোন বিস্ফোরনের বিকট শব্দ শুনতে পান। মিজানুরের চিৎকার শুনে রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করেন তারা। রুমে থাকা আসবাবপত্রের কিছু অংশ বিস্ফোরণে পুড়ে যায়। মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।
নিহতের স্বজন শওকত ওসমান সুজন জানান, মিজানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ সোমবার (১৫জুন) এলাকায় এনে দাফনের কথা রয়েছে।
পি/ডি