প্রতিদিন ২৫ কেজি ঘাস খায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
ঢাকার মিরপুরে চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস এবং ৫ কেজি ছোলা-ভুসি খাচ্ছে। পাশাপাশি দিনে প্রায় আধা মণ পানি পান করছে সে। কিউরেটর আতিকুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ মে) এবং শুক্রবার (২৯ মে) দুই দিন একই পরিমাণ খাদ্য সরবরাহ করা হয়েছে। প্রয়োজনে খাবারের পরিমাণ আরও বাড়ানো হবে।
মহিষটিকে দিনে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে। সকাল ৯টায় ছোলা-ভুসি, ১১টায় ঘাস, দুপুর ২টায় আবার ঘাস এবং ৩টায় পুনরায় ছোলা-ভুসি দেওয়া হয়। এরপর ভারী খাবার আর দেওয়া হয় না।
এর আগে বুধবার রাতে মহিষটি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। এরপর থেকে সেটির নিয়মিত দেখভাল করছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানা সূত্র জানায়, প্রাণীটিকে ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। সেখানে তার পরিচয়পত্রে লেখা রয়েছে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ ও ‘অ্যালবিনো বাফেলো’।
মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা আছে। যেটি খোলা পরিবেশে ঘুরে বেড়ায়। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে বেঁধে রাখা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি গৃহপালিত হওয়ায় এবং অভ্যস্ত থাকার কারণে এভাবেই রাখা হচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমে মহিষটিকে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয়। টিনশেড খাঁচার ভেতরে রাখা হলেও পর্যাপ্ত ছায়ার অভাব রয়েছে। তাই গরম কমাতে একটি স্ট্যান্ড ফ্যান বসানোর প্রক্রিয়া চলছে।
পিডি