শরীয়তপুর চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সম্প্রতি শরীয়তপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক হৃদরোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকেরা।
সোমবার (১৮ মে) বিকেলে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের ওপর এমন অন্যায়, ন্যাক্কারজনক ও বর্বর হামলা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকদের ওপর এমন সন্ত্রাসী হামলা দেশের চিকিৎসা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে।
বক্তারা অবিলম্বে ডা. নাসির ইসলামের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে দেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ খালেদ তৌহিদ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা, চিকিৎসক এবং চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আই/এ