অপরাধ

মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। নিহত ব্যক্তিকে সৌদি প্রবাসী মুকাররম বলে শনাক্ত করা হয়েছে।

পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে তাকে হত্যা করে থাকতে পারে। এ ছাড়া প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের পর মুকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয় এবং পরে তাকে হত্যা করা হয়। মরদেহ পরে টুকরো করে পলিথিনে ভরে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এর আগে রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মুগদা থানার পুলিশ মান্ডা ১ নম্বর গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহটি কয়েকটি টুকরো অবস্থায় পাওয়া গেলেও মাথা উদ্ধার হয়নি।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং দেহের অংশগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ অন্য কোথাও থেকে এনে ভবনের বেজমেন্টে ফেলে রাখা হতে পারে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত ব্যুরো (পিবিআই) আঙুলের ছাপ সংগ্রহ করলেও শুরুতে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন