সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৬
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, মোট ১৫৪ হজ ফ্লাইটে এই যাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮টি, সৌদি এয়ারলাইন্সের ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।
এদিকে, মৃত্যুবরণ করা ১৬ জন হজযাত্রীর মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে ১২ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা গেছেন।
এর আগে গেল ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।
এমএ//